মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র নিহত

যশোরে মাইক্রোবাসের চাপায় মো. সাকলাইন (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে যশোর শহরের ঢাকা রোড হাফেজিয়া মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করেছে। নিহত সাকলাইন যশোর দড়াটানা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে।

স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা একটি মাইক্রোবাস খুলনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা রোড হাফিজিয়া মাদ্রাসার সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাকলাইনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জসিম উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।