আইজিপির স্ত্রীর সহযোগিতায় চাকরি পেলেন শাহিদা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জার সহযোগিতায় চাকরি পেলেন যশোরের ঝিকরগাছার প্রতিবন্ধী শাহিদা খাতুন। বুধবার (২৩ মার্চ) থেকে আকিজ গ্রুপের নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বুধবার দুপুরে ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে উপস্থিত হয়ে শাহিদার হাতে নিয়োগপত্র তুলে দেন জীশান মির্জা। দুই পা ও ডান হাতবিহীন শাহিদা খাতুন ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করলেও চাকরি না পেয়ে বেকার জীবনযাপন করছিলেন।

চাকরি পেয়ে খুশি শাহিদা ও তার বাবা-মা। শাহিদা বলেন, চাকরি না পেয়ে হতাশ ছিলাম। পুনাক সভানেত্রীর কল্যাণে চাকরি পেয়ে আমি অত্যন্ত খুশি। এখন আমার বাবা-মাকে সহযোগিতা করতে পারবো।

শাহিদার বাবা রফি উদ্দীন বলেন, পুনাক সভানেত্রী আমার মেয়ের চাকরি পাইয়ে দিতে যে ভূমিকা রেখেছেন, তা কখনও ভুলতে পারবো না। তবে, মেয়ের ইচ্ছা ছিল সরকারি চাকরি করার। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা পাবো প্রত্যাশা করছি।

পুনাক সভানেত্রী জীশান মির্জা বলেন, আমরা সবসময়ই মানুষের কল্যাণে কাজ করি। হার না মানা শাহিদার খবর গত ১৯ নভেম্বর অনলাইনে পড়েছিলাম। ওই সময় তার সম্পর্কে খোঁজ নিই। সে চাকরির বিষয়টি জানায়। তার ইচ্ছা শক্তি ও অন্যদের শিক্ষার আলোয় আলোকিত করার যে প্রচেষ্টা, সেটি আমাকে অনুপ্রাণিত করেছে। তার জন্য কিছু করতে পারায় ভালো লাগছে।

পুনাক সভানেত্রী শাহিদা আক্তারের পরিচালিত শিমুলিয়ায় বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের নতুন পোশাকসহ বিভিন্ন খাবার উপহার দেন। এ সময় পুনাকের খুলনা বিভাগীয় সভানেত্রী ডা. ফাতিমা জেসমিন, আকিজ গ্রুপের হেড অব অ্যাডমিন আলী সাহাব উপস্থিত ছিলেন।