বাগেরহাটের কচুয়া থানায় কর্মরত পুলিশের এসআই রবিউল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মেহেদী হাসান জুয়েলসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা সদরের কলাখালি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৬ এর একটি দল তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুই জন হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামের ইতরুপ শেখের ছেলে মেহেদী হাসান জুয়েল (২৭) ও একই উপজেলার চরসোনাকুর গ্রামের মহসিন মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৮)।
র্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে জানায়, এসআই রবিউল ইসলাম গত ২০ মার্চ রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনাকালে মেহেদী হাসান জুয়েলের দেহ তল্লাশি করার সময় সে দৌড়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর জুয়েল পুনরায় অজ্ঞাত ৪/৫ জনসহ ধারালো অস্ত্র রামদা নিয়ে ঘটনাস্থলে এসে এসআই (নিরস্ত্র) রবিউল ইসলামের হাতে ও পায়ে কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় কচুয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
ঘটনার বিষয়ে র্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা সদরের কলাখালি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।