কল করে ডেকে নিয়ে সমাজসেবা কর্মচারীকে হত্যা

বাগেরহাটের মোল্লহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী নাইম খানকে (২৭) মোবাইলফোনে কল করে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনী গ্রামের হিরোনের পরিত্যক্ত বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার ওসি সৌমেন দাস বলেন, নাইমের গলা ও হাত কাটা ছিল। তার স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় উপজেলা হাসপাতাল থেকে নাইমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। সে গাংনী গ্রামের আবুল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাইম খান তার বাড়ির পাশে হিরোন মার্কেটের একটি দোকানে লুডু খেলছিলেন। এ সময় রাত সাড়ে ৮টার দিকে তার মোবাইলফোনে একটি কল আসে। এরপর সে লুডু খেলা ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর হিরোনের পরিত্যক্ত বাড়ির উঠানে ফাতেমা নামের পাশের বাড়ির এক মহিলা তাকে গলা, হাত কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। তখন স্থানীয়রা এসে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।