পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মহানগরীর ছোট মির্জাপুরস্থ এক‌টি প্রতিষ্ঠানে পাঁচ দিন আগে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর রবিবার (১৫ মে) দুপুরে ভিকটিমকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, গত পাঁচ দিন আগে ওই কলেজছাত্রী পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইলফোনে বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে আসেন।  এরপর তাকে সহযোগিতা করার কথা বলে কাগজী হাউজের অ‌ফিসে নিয়ে যান মাসুদ। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই কলেজছাত্রী। 

ওসি বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ কারণে ওই কলেজছাত্রীকে পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত মাসুদকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

তিনি আরও জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙে সেখানে রবিবার অভিযান পরিচালনা করা হয়। কেএমপি’র উপ-পুলিশ কমিশনার সোনালী সেন এ অভিযানের নেতৃত্ব দেন।