টিকিট কালোবাজারি, রেলের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মাস্টারের জিডি

খুলনায় ট্রেনের টিকিট কলোবাজারির সঙ্গে রেলের পাঁচ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ উঠেছে। খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার এ অভিযোগ তুলে জিআরপি থানায় জিডি করেছেন। পাঁচ কর্মকর্তার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক ব্যক্তি এই টিকিট কালোবাজারিতে জড়িত বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ওই পাঁচ কর্মকর্তা হলেন– খুলনা রেলওয়ে স্টেশনের টিএক্সআর রাতুল ইসলাম, আইডব্লিউ অফিসের মো. জাফর মিয়া, সহকারী স্টেশন মাস্টার তোতা মিয়া, মো. আশিক আহমেদ ও মো. জাকির হোসেন।

খুলনা জিআরপি থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, ‘খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার এ নিয়ে ১৬ মে জিডি করেছেন। তিনি রেলের পাঁচ জন কর্মকর্তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ তুলেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন রাজনৈতিক নেতার নামে টিকিট নিয়ে কালাবাজারে বিক্রি করেন। অভিযোগটি তদন্তের জন্য ইতোমধ্যে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। নির্দেশনা পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জিডিতে বাদী উল্লেখ করেছেন, খুলনা আইডব্লিউ অফিস স্টাফ, দুই জন সহকারী স্টেশন মাস্টারসহ পাঁচ কর্মকর্তা এবং আরও ৪/৫ অজ্ঞাত ব্যক্তি সরাসরি টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে ভুয়া টিকিটের চাহিদা দিয়ে টিকিট সংগ্রহ করেন। টিকিট না পেলে বহিরাগত লোকদের ডেকে এনে সংঘবদ্ধ হয়ে মাস্টারকে হেনস্তা করার জন্য চাপ সৃষ্টি করেন। তাদের টিকিটের চাহিদা এতটা বেড়েছে যে, টিকিট না পেলে স্টেশন ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধর করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটানোর পাঁয়তারা করছেন। প্রকৃতপক্ষে রেলে কোনও ভিআইপি টিকিট সংরক্ষিত নেই। কিন্তু তারা সরকারি নির্দেশনা অমান্য করে এ কাজে লিপ্ত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং স্টেশনের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এই জিডি করা হয়েছে।