যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে (৫৫) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৩০ মে) রাত ৮টার দিকে শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার রাতে আফজাল হত্যাকাণ্ডের জের ধরে তার ওপর হামলা চালানো হয়েছে। তবে, এ বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায়, গতকাল রাতে নাজির শংকরপুর এলাকার চাতালের মোড়ে আফজাল হোসেন নামে এক যুবক খুন হন। সোমবার মাগরিবের নামাজের পর তাকে দাফন করতে বেজপাড়া কবরস্থানে যান কাউন্সিলর আসাদুজ্জামান বাবুল। দাফন শেষে ফেরার পথে নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড়ে পৌঁছালে পেছন থেকে কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এরপর সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের মেডিক্যাল অফিসার মহিউদ্দিন বকুল বলেন, অবস্থা গুরুতর হওয়ায় আসাদুজ্জামান বাবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মোকছিমুল বারী অপি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল জানান, কাউন্সিলর আসাদুজ্জামান বাবুল আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটকের দাবি জানান তারা।
পৌরসভার সাবেক কাউন্সিলর মফিজুর রহমান হিমু অভিযোগ করেন, যশোরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ভালো না। এর জন্য একের পর এক খুনের ঘটনা ঘটছে।
এ বিষয়ে জানতে জেলা পুলিশের মুখপাত্র রুপন কুমার সরকার ও কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলামের মোবাইল ফোনে কয়েক দফা কল করেও কথা বলা সম্ভব হয়নি।
তবে কোতোয়ালি থানার ওসি স্থানীয় এক সাংবাদিককে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ তৎপরতা রয়েছে।