কথিত প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার খবরে বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিষয়টি জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার ওহাব আলীর ছেলে আমানউল্লাহ (১৯) ও মাসুম হোসেনের ছেলে অয়ন (১৯)।
পুলিশ জানায়, সোমবার রাত ১২টার দিকে শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকায় বিয়েবাড়িতে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। তাদের কাছ থেকে দুটি তাজা বোমা ও একটি চাকু এবং বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করেছে পুলিশ।
কনের বাবার অভিযোগ, তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো একই এলাকার জাকিরের ছেলে শুভ (১৯)। মেয়ে তার প্রস্তাবে রাজি ছিল না। সম্প্রতি মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার রাতে তার বাসায় বিয়ের অনুষ্ঠান চলছিল।
তিনি বলেন, ‘রাত ১২টায় বাসায় এসে শুভ, আমানউল্লাহ ও অয়নসহ সাত জন বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। খবর দিলে পুলিশ এসে দুটি তাজা বোমা ও একটি চাকু এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করে। সেই সঙ্গে আমানউল্লাহ ও অয়নকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে শুভ পালিয়ে গেছে।’
যশোর কোতোয়ালি থানার এসআই আ ফ ম মনিরুজ্জামান বলেন, বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত আমানউল্লাহ ও অয়নকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি তাজা বোমা ও একটি চাকু এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রেমিক দাবি করা শুভ পালিয়ে গেছে। তাকেও গ্রেফতার করা হবে।