কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে দোকান লুটপাট

বিস্ফোরককুষ্টিয়ার ভেড়ামারায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে একটি দোকানের সব মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে ভেড়ামারার জুনিয়াদহ বাজারে এ ঘটনা ঘটে। ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দোকান মালিক হাবিবুল ইসলামের দাবি, সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, জুনিয়াদহ বাজারের হাবিবুল ইসলামের মুদি দোকান নিয়ে ওই বাজারেরই ব্যবসায়ী শাহীন দোকানদারের সঙ্গে বিরোধের ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৯টার দিকে সশস্ত্র অবস্থায় ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল বাজারে প্রবেশ করে। একের পর এক বোমা বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির পর দোকানদার হাবিবুল ইসলামকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ দোকানের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়।
ওসি জানান, পূর্বশুত্রুতার জের ধরে সন্ত্রাসীরা দোকান লুট করে ও ভাঙচুর চালায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/এইচকে/