পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় রিপন হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে রিপনের মোটরসাইকেলকে চাপা দেয়া পিকআপটি।
নিহত রিপন হোসেন গাংনী উপজেলার মাঝের গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে। সে জাপান বাংলাদেশ টোব্যাকো কোম্পানির মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া জেলায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রিপন হোসেন মোটরসাইকেলযোগে আকুবপুর নামক স্থানে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপ তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।
পরে খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।