কুষ্টিয়ায় বাসচাপায় ট্রাকচালককে হত্যার অভিযোগ

কুষ্টিয়াকুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া (২৮) নামে এক ট্রাকচালককে পিটিয়ে বাসের নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুর ও মিরপুর উপজেলার মধ্যবর্তী কাতলামারি-দৌলতপুর সড়কের কাতলমারি রাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের ময়নাতদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাতলামারি-দৌলতপুর সড়কের কাতলামারি রাজপাড়া এলাকায় একটি পিকনিকের বাসের সঙ্গে একটি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ট্রাকের চালক গোলাম কিবরিয়া ট্রাক থেকে নেমে বাসের চালকের কাছে প্রতিবাদ করে। এসময়  বাসে থাকা পিকনিকের লোকজন নেমে ওই ট্রাকচালককে টেনে বাসের মধ্যে নিয়ে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে ওই চালককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় বাসটি দ্রুত চলে যেতে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ট্রাক চালক গোলাম কিবরিয়া।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দৌলতপুর-কাতলামারী সড়কে ঘটনা ঘটলেও লাশটি মিরপুর উপজেলার মধ্যে পড়েছিলো। তবে, আমরা চালকসহ দুটি বাস আটক করেছি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ বলেন, হত্যা না দুর্ঘটনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ট্রাক চালকের লাশ মর্গে নেওয়া হয়েছে।
/এআর/