আছড়ে সন্তানকে হত্যার অভিযোগ, বাবা আটক  

খুলনার ডুমুরিয়ায় আড়াই মাসের এক শিশুকে মাটিতে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা উজ্জ্বল সরদারকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এমনটা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। 

ডুমুরিয়া থানার ওসি কনি মিয়া বলেন, বুধবার রাত সোয়া ১২টার (২৮ জুলাই) দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মো. উজ্জ্বল ও তার পরিবারের সদস্যদের মধ্যে বাদানুবাদ হয়। এ সময় আড়াই মাসের কন্যা তামিমা তার কোলেই ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল তার কোল থেকে তামিমাকে মাটিতে আছাড়ে ফেলেন। 

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে রক্তাক্ত অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় রাতেই শিশুটির বাবাকে আটক করা হয়। তবে এ ঘটনায় থানায় এখনও কেউ কোনও অভিযোগ করেনি বলে জানিয়েছেন ওসি কনি মিয়া।