মামার মারধরে আহত ভাগনের মৃত্যু

ঝিনাইদহ শহরে মামার মারধরে আহত সলক (১৯) নামে তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

শহরের ব্যাপারীপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে সলক। তিনি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সলকের সঙ্গে মায়ের বাগবিতণ্ডা হয়। বিভিন্ন সময় মাকে মারধরও করতেন। সলককে শাসন করার জন্য চাচাতো ভাই ছোটনকে ডেকে আনেন তার মা। এক পর্যায়ে ছোটন লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। সে সময় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে সলক মারা গেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল জানান, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।