ঘরের দরজায় বাইরে থেকে তালা, ভেতরে খাটে নারীর লাশ

যশোর শহরের আশ্রম মোড়ের নিজ বাড়িতে রওশনারা রশ্মি নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে কে বা কারা কী কারণে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই নারী আশ্রম মোড় এলাকার বাসিন্দা সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী। নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, তার দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী ও মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তার সঙ্গে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিল না। আজ সকালেও তিনি মোবাইল ফোনে আমেরিকায় থাকা নাতি-নাতনিদের সঙ্গে কথা বলেছেন।

বিকালে তার মা ওই বাড়িতে গিয়ে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। ফোন করলেও সেটি বন্ধ পান। এরপর জানালা দিয়ে ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো দেখতে পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে আনেন ও পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স খাটের ভেতরে লুকিয়ে রাখা গলা কাটা লাশ উদ্ধার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, নিহতের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে সকালেও তাকে অনেকে দেখেছেন। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যেকোনও সময় এই হত্যাকাণ্ডটি ঘটেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।