৯৯৯-এ কল, গভীর সাগর থেকে ১৯ জেলে উদ্ধার

জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ নম্বরে কল করার পর কোস্টগার্ডের সহায়তায় গভীর সাগরে ভাসতে থাকা ১৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড সদর দফতরের (ঢাকা) লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চট্টগ্রামের কালুরঘাট থেকে গত শনিবার এম.ভি কমলা নামের ফিশিং ট্রলারটি মাছ ধরার জন্য গভীর সাগরে যায়। ওইদিন থেকেই ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ট্রলারটি ভাসতে থাকে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি চট্টগ্রাম।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিকল ওই ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসে। তখন জেলেরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরে কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের টহল জাহাজ অভিযান চালিয়ে বিকালের দিকে ফিশিং ট্রলারসহ ১৯ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এরপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে কোস্টগার্ড। 

সন্ধ্যার দিকে ফিশিং ট্রলারের মালিকের সঙ্গে যোগাযোগ করে ট্রলার ও জেলেদেরকে হস্তান্তর করা হয় বলে জানান লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।