ঝিনাইদহের মহেশপুরে শিশুকে ধর্ষণের দায়ে হাফিজুর রহমান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের আট বছর বয়সী এক মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হাফিজুর রহমান খাবার দেওয়ার কথা বলে ডেকে গ্রামের বাওড়ের পাড়ের কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটিকে কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়।
বাড়িতে এসে মা-বাবাকে বিষয়টি জানালে ওই দিনই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে মহেশপুর থানার এসআই আল মাসুদ মিয়া আসামির বিরুদ্ধে ওই বছরের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।