কারাগারে ফাঁসির আসামিকে হত্যার চেষ্টা 

যশোর কেন্দ্রীয় কারাগারে আব্দুল জব্বার নামে এক ফাঁসির আসামিকে ব্লেড দিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সেলে বসে গাঁজা খাওয়ার প্রতিবাদ জানানোয় পলাশ নামে অপর এক ফাঁসির আসামি এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আব্দুল জব্বার। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার কারণ বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। 
 
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ১৬ নম্বর সেলের ২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত আব্দুল জব্বার মেহেরপুরের গাংনি উপজেলার অভয়ডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তার কয়েদী নম্বর-১৩১৬/এ। তার হাসপাতালে ভর্তি টিকিট নম্বর- ৪৮৬৪৬/৩০।

হাসপাতালে থাকা আহত জব্বার জানান, তিনি ফাঁসির আসামি। পাঁচ বছর দুই মাস আগে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। কারাগারের ১৬ নম্বর সেলের ২ নম্বর কক্ষে তার অবস্থান। ৫ নম্বর সেলে পলাশ নামে অপর এক ফাঁসির আসামি দিনের অধিকাংশ সময় গাঁজা সেবন করে। গাঁজার গন্ধ সহ্য করতে না পেরে কয়েকদিন প্রতিবাদ জানান তিনি। সর্বশেষ তিন দিন আগে পলাশ তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আজ সকালে ঘুমন্ত অবস্থায় জব্বারকে ধারালো কিছু দিয়ে মুখ-নাক এবং মাথায় পোঁচ দিয়ে হত্যার চেষ্টা চালায় পলাশ। পরে কারা পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, জব্বার নামে কারাগার থেকে আসা এক রোগীর মাথা, কপাল ও কানের অংশে ধারালো অস্ত্র দিয়ে (ব্লেড জাতীয়) পোঁচ দেওয়া হয়েছে। তাকে ১২টার বেশি সেলাই দেওয়া হয়েছে। ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলারসহ কর্মকর্তাদের কাছে ফোন করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

তবে ডিআইজি প্রিজন সগির মিয়া বলেন, আমি ঢাকায় আছি। এ ঘটনায় জড়িত ও দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, আমি শুনেছি একজন কয়েদিকে অপর একজন কয়েদি ভাঙা প্লেট দিয়ে আঘাত করেছে। তাকে সেলাই দেওয়া হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানান তিনি।