খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়েছেন সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীরা।
শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর সঙ্গীতা সিনেমা হলের মোড় থেকে বড় একটি মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে যান। মিছিলে খুলনা মহানগর বিএনপি, নগরীর পাঁচ থানা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড কমিটির সাবেক নেতারা অংশ নেন। প্রায় ১১ মাস পরে দলের কোনও মিছিল ও সমাবেশে অংশ নিয়েছেন তারা।
জানা গেছে, ২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা হলে বাদ পড়েন মঞ্জু ও তার অনুসারীরা। দলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ২৫ ডিসেম্বর তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, পাঁচ থানার সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কমিটির পাঁচ শতাধিক নেতা পদত্যাগ করেন। গত ১১ মাস ধরে দলের কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন তারা। তবে এই গণসমাবেশকে কেন্দ্র করে তারা আবার সক্রিয় হয়েছেন।