হঠাৎ লিফট বিকল, আধা ঘণ্টা আটকে ছিলেন পিপি-পুলিশসহ ১০ জন

কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবনের লিফট বিকল হয়ে প্রায় ৩০ মিনিট ভেতরে আটকে ছিলেন আদালতের পিপি, পুলিশসহ ১০ জন।

রবিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের কুষ্টিয়ার সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশিদ আনোয়ার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

খোরশেদ আনোয়ার বলেন, এক আইনজীবী ফোন করে জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিফটে কয়েকজন আটকা পড়েছেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। লিফটে আইনজীবী, পুলিশসহ ১০ জনকে উদ্ধার করা হয়। তারা প্রায় আধাঘণ্টা লিফটের ভেতরে আটকে ছিলেন।

তিনি আরও বলেন, ভবনের নিচতলায় মাঝামাঝি স্থানে লিফট সবাই আটকে ছিল। পরে লিফটের দরজা ভেঙে একে একে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, বেলা ১১টার দিকে লিফটে করে ওপরে উঠছিলাম। এ সময় প্রথম তলা ও দ্বিতীয় তলার মাঝামাঝি জায়গায় লিফট বিকল হয়ে যায়। প্রায় আধাঘণ্টা আমরা লিফটের মধ্যে আটকে ছিলাম।

তিনি বলেন, এ সময় আদালতের টেকনিশিয়ানরা চেষ্টা করে লিফট সচল করতে ব্যর্থ হয়। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অফিসে কল দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দল এসে লিফট ভেঙে আমাদের উদ্ধার করে। লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে।