ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসার আহ্বান

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই আহ্বানকে সামনে রেখে খুলনা অঞ্চলে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সুন্দরবন সংরক্ষণ বিষয়ক শিশুদের চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগীতা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান  ও আলোচনা সভা। ‘সুন্দরবন দিবস’ (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) থেকে এ কর্মসূচি শুরু হবে। এবারের অন্যতম কর্মসূচির মধ্যে থাকছে দেশে ও দেশের বাইরে ব্যাপকভাবে ই-কার্ড মেইল পাঠানো।
সকাল ১০টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে। নগরীর খ্যাতনামা স্কুলগুলো ইতোমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করেছে।
খুলনায় সুন্দরবন দিবস অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা জেলা ও সুন্দরবনের নিকটবর্তী উপজেলাগুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
উল্লেখ্য, সুন্দরবন একাডেমি ও বন বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন।
/এনএস/এএ/