সংসদ সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে নাঈম গাজী (৩০) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে মহানগরীর গোবরচাকা এলাকা থেকে রবিবার (২০ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে।
র্যাব ৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ জানান, গত ১ নভেম্বর রাতে খুলনা মহানগরীর খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কল করে এক ব্যক্তি নিজেকে সংসদ সদস্য বলে পরিচয় দেন। জানান, একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন। উক্ত অসুস্থ ব্যক্তি ফোন দিলে প্রধান শিক্ষক যেন ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা তুলে তাকে দেন। কথিত অসুস্থ ব্যক্তি প্রধান শিক্ষককে ফোন দিলে প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা তুলে ওই ব্যক্তিকে বেশ কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠান।
তিনি আরও জানান, পরে ওই ব্যক্তি একাধিকবার সাহায্যের জন্য ফোন দিলে প্রধান শিক্ষকের সন্দেহ হয়। এই বিষয়ে প্রধান শিক্ষক র্যাব-৬ বরাবর অভিযোগ দেন। র্যাব-৬ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং সংসদ সদস্যের ভুয়া পরিচয় ব্যবহারকারীকে শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর দেড়টার দিকে র্যাব-৬ সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তকে গ্রেফতার করে। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করে। পরে প্রধান শিক্ষক বাদী হয়ে র্যাবের সহায়তায় কেএমপি খুলনার খানজাহান আলী থানায় একটি মামলা করেন। জব্দ করা আলামত ও গ্রেফতার আসামিকে খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।