সীমান্ত থেকে আটক দেড় কোটি টাকার ঘোড়াটি পেলো আনসার

সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী বাঁশদাহ থেকে ভারতে পাচারকালে আটক দেড় কোটি টাকা মূল্যের অ্যারাবিয়ান রেসিং ঘোড়াটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের কার্যালয়ে ঘোড়াটি হস্তান্তর করা হয়।

বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহা পরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বির কাছে ঘোড়াটি হস্তান্তর করেন। এ সময় ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদসহ বিজিবি ও আনসারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্নেল মামুনুর রশীদ বলেন, ‘ভারতে পাচারকালে গত ১৫ আগস্ট ভোরে সাতক্ষীরা সীমান্তের বাঁশদাহ নামক স্থান থেকে ‘‘থ্রো ব্রেড’’ জাতের অ্যারাবিয়ান ওই ঘোড়াটি আটক করা হয়। যার মূল্য প্রায় দেড় থেকে তিন কোটি টাকা। এটি বেয়ার্লি ট্রাক, ডেয়ার্লি অ্যারাবিয়ান, গোডলফিন অ্যারাবিয়ান এই তিনটি জাত ব্রিডিং করে সৃষ্ট। অন্যান্য সাধারণ ঘোড়ার মতো তাজা ঘাস, মানসম্মত খড়, ফল ও সবজি খেয়ে থাকে। এ জাতের ঘোড়া ক্ষেত্র বিশেষ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচে।’

আনসারের উপ-মহা পরিচালক শাহ আহমেদ ফজলে রাব্বি বিজিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঘোড় দৌড়ের জন্য এ জাতের ঘোড়া সারা বিশ্বে চাহিদা রয়েছে। দেশের সুরক্ষার কাজে এ ঘোড়া ব্যবহার করা হবে।’