সাবেক আইজিপির স্ত্রীর টাকায় নতুন দোকান পেলেন মাসুরার বাবা

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাবাকে মুদি দোকান করে দিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাবেক সভানেত্রী ও সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদের স্ত্রী জীশাণ মীর্জা। সাতক্ষীরা শহরতলীর বিনোরপোতা এলাকায় মাসুরার বাড়িতে শনিবার (১৪ জানুয়ারি) দোকান তৈরির কাজ সম্পন্ন হলেও এখনও উদ্বোধন হয়নি।

মাসুরার বাবা রজব আলী বলেন, আমি আগে ভ্যানে করে সবজি ও ফল-ফলাদি বিক্রি করতাম। কয়েক বছর ধরে আমি অসুস্থ হয়ে পড়ায় ব্যবসা করতে পারিনি। সম্প্রতি শারীরিক অবস্থা একটু ভালো হয়ে ওঠায় মাসুরা আমাকে ৩০ হাজার টাকা দিয়ে একটি ভ্যান কিনে দেয়। ওই ভ্যানে করে আমি ৮/১০ হাজার টাকার সবজি বিক্রি করি। ভ্যানটি আমি বাড়ির উঠানে তালা মেরে রেখেছিলাম। এক রাতে বাড়ির গেটের তালা ভেঙে সেটি নিয়ে চলে যায়। এতে আমি খুব বিপাকে পড়েছি। চুরির ঘটনার প্রায় মাস অতিবাহিত হলেও ভ্যানটি উদ্ধার হয়নি।

মাসুরার মা ফাতেমা বেগম জানান, মাসুরার সাফজয়ের পর বাবাকে কিনে দেওয়া নতুন ভ্যানটি চুরি হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। মাসুরার বাবার ভ্যান চুরি হওয়ার সংবাদটি পত্রপত্রিকায় ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পান পুনাকের সাবেক সভানেত্রী। সংবাদটি দেখা মাত্রই এসআই হাফিজের মাধ্যমে মাসুরার বাবার মোবাইল নম্বরে ফোন দিয়ে খোঁজখবর নেন। তিনি মাসুরার বাবাকে সান্ত্বনা দিয়ে ভ্যানের পরিবর্তে মুদি দোকান করার পরামর্শ দেন। এসআই হাফিজের মাধ্যমে মাসুরার বাবাকে একটি খামে করে নগদ আর্থিক সহযোগিতা পাঠান দোকানের জন্য। তার দেওয়া টাকায় একটি দোকান ঘর নির্মাণ করেছেন। আজ ১৪ জানুয়ারি আবারও তিনি মুদি মাল কেনার টাকা পাঠিয়েছেন

এ বিষয়ে জীশাণ মীর্জা বলেন, সাতক্ষীরায় আমার দাদার বাড়ি। আবার সাতক্ষীরাতে আমার নানার বাড়ি। যদিও আমার জন্ম ঢাকাতে। লেখাপড়াও ঢাকাতে করেছি। তারপরও সাতক্ষীরার মানুষের প্রতি আমার নাড়ির টান রয়ে গেছে। সাফজয়ী ফুটবলার মাসুরার বাবা রজব আলীর জীবিকা নির্বাহের এক মাত্র উৎস ভ্যান গাড়িটি চুরি হয়ে গেছে। বিষয়টি জেনে ফোন দিয়ে খবর নিয়েছি। মাসুরার বাবার দোকান তৈরি হয়ে গেছে। এখন দোকানে মালপত্র কেনার টাকা পাঠানো হয়েছে।