সেলফি তুলতে গিয়ে এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার থেকে পড়ে ছাত্রের মৃত্যু

শিক্ষা সফরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গিয়ে সেলফি তোলার সময় ফ্লাইওভার থেকে পড়ে সৈকত হোসেন নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

সৈকত সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। 

বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামান জামিল জানান, বৃহস্পতিবার ছয়টি বাসে স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী শিক্ষা সফরে যায়। বিভিন্ন স্থান দর্শন শেষে রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা গোল চত্বরে আসে শিক্ষার্থীরা। সেখানে বাস থেকে নেমে সবাই মোবাইলে ছবি তুলতে থাকে। সৈকত সেলফি তুলতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে ওঠে। এক্সপ্রেসওয়ের কিনারায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায় সে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে জানান। 

তিনি জানান, সৈকত মেধাবী ছাত্র ছিল। এমন দুর্ঘটনায় তার মৃত্যুতে সবার মধ্যে শোক নেমে এসেছে।