সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম জুবায়ের হোসেন (১৬)। সে সাতক্ষীরা শহরের ইটাগাছা দক্ষিণপাড়া এলাকার শেখ মনিরুজ্জামানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, জুবায়ের মোটরসাইকেলে করে সাতক্ষীরা শহর থেকে বিনেরপোতার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের নিহত হয়। অপর মোটরসাইকেলে থাকা দুইজন এসময় আহত হয়।
আহতদের একজনকে শহরের সিবি হাসপাতালে এবং অপরজনকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।