দেয়ালে ধাক্কা দেওয়া প্রাইভেটকারে মিললো ৯ কেজি সোনা

যশোর শহরতলীর রাজারহাট এলাকা থেকে ৬০টি সোনার বারসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে বিজিবি। তবে পালিয়ে গেছে গাড়ির চালক ও পাচারকারী। জব্দ সোনার বাজার মূল্য আট কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে যশোর ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, সোনার চালান ভারতে পাচারের উদ্দেশে একটি সাদা রঙয়ের প্রাইভেটকার ঢাকা থেকে যশোরের অভিমুখে আসছে। এর পরিপ্রেক্ষিতে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি যশোর রাজারহাট এলাকায় এলে ৪৯ বিজিবি সদস্যরা গাড়িটি গতিরোধের নির্দেশ দিলে চালক গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দেয়। এরপর চালক ও সোনা পাচারকারী পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে আট কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি বার উদ্ধার করা হয়। জব্দ সোনা ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, খুলনা সেক্টরের অধীনে এই দুটি ব্যাটালিয়ন চোরাচালান রোধকল্পে সর্বদা তৎপর রয়েছে এবং সোনা চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনতে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর পরিপ্রেক্ষিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক বছরে ৯৩ কেজি ৩৪৭ গ্রাম সোনা আটক করতে সক্ষম হয়েছে। যার মূল্য ৮০ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। একইভাবে ২১ বিজিবিও গত এক বছরে ৭০ কেজি সোনা বিভিন্ন অপারেশনে জব্দ করতে সক্ষম হয়। খুলনা সেক্টরের এই দুইটি ব্যাটালিয়ন মিলে সর্বমোট ১৬৩ কেজি সোনা আটক করতে সক্ষম হয়।