সাতক্ষীরা পৌর মেয়র বরখাস্তের আদেশ স্থগিত 

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

তাজকিন টানা দুইবার সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাজকিনকে গত ২৪ জানুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দেন সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালত। এরই পরিপ্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাময়িক বরখাস্তের চিঠিতে তার বিরুদ্ধে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হওয়ার কথা উল্লেখ করা হয়। একই চিঠিতে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয় মন্ত্রণালয়ের ওই বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তাজকিন। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ আটজনকে বিবাদী করা হয়।

মঙ্গলবার রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সাতক্ষীরা পৌর মেয়রের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা চার সপ্তারের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও তানভীর আহমেদ। 

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন বলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে পৌরসভার মেয়রের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদানের আদেশও বাতিল করা হয়েছে।