শুল্ক ছাড়াই ভারত থেকে এলো ৬৪ মহিষ

যশোরের বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে শুল্ক ছাড়াই ৬৪টি ভারতীয় মহিষ আমদানি করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঁচটি ট্রাকে করে ৬৪টি মহিষ আসে বেনাপোল বন্দরে। মহিষগুলো ভারতের হরিয়ানা রাজ্য থেকে আমদানি করা হয়েছে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে। দুধ উৎপাদনের জন্য ৩২টি মহিষ ও ৩২টি মহিষের বাছুর আমদানির জন্য দরপত্র দিলে ঢাকার আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান হলো নোরায়াল ডেইরি ফার্ম।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।  

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। তা পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। মহিষগুলোর কোনও আমদানি শুল্ক নেই। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।