কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনা তদন্তে উচ্চ আদালতের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।
কমিটিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শাহবুব আলম রয়েছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী তথ্যটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারবো বলে আশা করছি।’
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের নামে ছাত্রীকে রাতভর নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও ধারণ ও হুমকির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠনের আদেশ দেন হাইকোর্ট। আদেশে কুষ্টিয়ার জেলা প্রশাসককে তিন কার্যদিবসের মধ্যে এ কমিটি গঠনের নির্দেশনা দেন। কমিটি করার সাত দিনের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।