বাগেরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ ও ছবি ধারণ অপরাধের মামলায় তিন যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দণ্ডাদেশপ্রাপ্তদের ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রবিবার (২ এপ্রিল) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম এই আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের শের আলীর ছেলে মো. মামুন শেখ, ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারির ছেলে মো. ফিরোজ নিকারি এবং ভট্ট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। তাদের মধ্যে মো. ফিরোজ নিকারি পালাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইটকুমড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকা অবস্থায় এক এনজিও কর্মীকে জোরপূর্বক ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করেন কয়েক যুবক। পরদিন ওই নারী বাদী হয়ে ফকিরহাট থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই দিনই পুলিশ মো. মামুন শেখ নামের এক আসামিকে গ্রেফতার করেন। পরে আরও ইব্রাহিম বিশ্বাস নামক আরেক আসামিকে গ্রেফতার করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে আসামিদের অপরাধ প্রমাণ হওয়ায় আদালত এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ধর্ষণ ও পর্নগ্রাফি মামলার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।