ডিউটি থেকে ফেরার সময় সড়কে প্রাণ গেলো পুলিশ সদস্যের

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের আঘাতে বাগেরহাট পুলিশ লাইন্সের কনস্টেবল মো. জাকারিয়া (২৬) নিহত হয়েছেন। এ সময় আহত হন অপর কনস্টেবল মো. মুজাহিদ।

মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই ঠাকুরদাস মণ্ডল জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে মোংলা শিল্প এলাকার ওমেরা এলপিজির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, মোংলা ইপিজেডে ডিউটি শেষে দুপুরে মোটরসাইকেলে করে বাগেরহাটে ফিরছিলেন জাকারিয়া ও মুজাহিদ। পথিমধ্যে মোংলা-খুলনা মহাসড়কের মোংলার দিগরাজ বাজার সংলগ্ন আপাবাড়ী এলাকায় পেট্রোম্যাক্স এলপিজির সামনে একটি কুকুর তাদের মোটরসাইকেলের নিচে পড়ে। এতে তারা গাড়ি থেকে ছিটকে পড়েন। ওই সময় জাকারিয়া ছিটকে মহাসড়কে চলন্ত একটি ট্রাকের চাকায় আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে মোংলা থানা-পুলিশ তাকে উদ্ধার করে তাৎক্ষণিক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 

দুপুর ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাকারিয়ার বাড়ি খুলনার তেরখাদায়। আহত মুজাহিদ মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুইজনই বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

যে ট্রাকের চাকায় আঘাতপ্রাপ্ত হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে সেই ট্রাকটি শনাক্ত ও আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।