আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির যখন কোনও কথা থাকে না, তখন তারা মিথ্যাচার করে। র্যাব বিএনপির আমলে তৈরি করা হয়েছিল। ২০০৪ সালে র্যাব গঠন করে আওয়ামী লীগের ৬৫ জন নেতাকর্মীকে র্যাব দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। র্যাব দিয়ে যদি কোনও রাজনৈতিক দলকে নিপীড়ন করে থাকে, সেটা বিএনপি করেছিল।’
রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনের সামনে জেলা পরিষদের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের করা এক মন্তব্যের প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘মির্জা ফখরুল মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান কোনও রাজনীতিবিদ নয় যে রাজনীতি থেকে তাকে সরানোর জন্য মামলা দিতে হবে। তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। সেই ক্ষমতাকে ব্যবহার করে সন্ত্রাস-দুর্নীতি করে গেছেন।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জাতি জানে, বেগম খালেদা জিয়ার এবং তার ছেলে তারেক রহমানের নামে দুর্নীতির মামলা এই সরকার করেনি। এটা ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়, তাদের প্রিয় ব্যক্তি ব্যারিস্টার মঈনুল ইসলাম মামলাটি করেছিলেন। এখন যখন এসব মামলার শুনানি শুরু হয়েছে এবং খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের মামলায় দণ্ডিত হয়েছেন, তখন তারা শঙ্কিত হয়েছে।’