৯০ বছরের আমেলা বেগম। বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। বাড়ি থেকে তিনি গিয়েছিলেন ফরিদপুরের আটরশী ওরস মাহফিলে। ১২ ফ্রেরুয়ারি ওরস শেষে তিনি গাজীপুরের কালীগঞ্জে যাওয়ার বদলে চলে যান ঝিনাইদহের কালীগঞ্জে। বাড়ির ঠিকানাও সঠিকভাবে বলতে পারছিলেন না। অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তিনি ফিরলেন বাড়িতে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ তার পরিচিত জনের কাছে ওই আমেলাকে তুলে দেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধা থানার পাশে ঘোরাঘুরি করছিল। তিনি ঠিকমত কথাও বলতে পারেন না। তার ঠিকানা কি তাও বলতে পারছিলেন না। তিনি শুধু জানান, তার এলাকার চেয়ারম্যানের নাম লুৎফর রহমান।
পরে তথ্যানুসন্ধান চালিয়ে পুলিশ গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করার পর তার ঠিকানা পাওয়া যায়। মেয়র ওই বৃদ্ধাকে চেনেন এবং তিনি সেখান থেকে আমেলা বেগমের পরিচিতজন মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে পাঠান। শুক্রবার (১৯ ফ্রেরুয়ারি) সন্ধ্যায় মিজানুর রহমানের কাছে আমেলা বেগমকে তুলে দেন পুলিশ। আমেলা বেগম গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার উত্তরগাউ গ্রামের মৃত শুকুর মাহমুদের স্ত্রী।
কালীগঞ্জ পৌরসভা মেয়র লুৎফর রহমান বলেন, ফরিদপুরে ওরসে গিয়ে আমেলা বেগম হারিয়ে যান। আমি ওই তাকে চিনি। তাকে কালীগঞ্জ থানা থেকে আনার জন্য মিজানুর রহমানকে পাঠিয়েছি। এ ব্যাপারে তার ওসির সঙ্গে কথা হয়েছে।
/এসটি/