চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে কাপড়ের দোকানে দর-কষাকষিকে কেন্দ্র করে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর থানায় হত্যা মামলাটি করেন নিহত মামুন অর রশিদের বড় ভাই স্বপন আলী। মামলায় সদর উপজেলার হুচুকপাড়ার আলাউদ্দিনের ছেলে আকাশ আলীকে প্রধান আসামি করে আরও ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—সদর উপজেলার হুচুকপাড়া এলাকার খবির উদ্দিনের ছেলে মিঠু মিয়া (২০) ও একই এলাকার আব্দুল খালেকের ছেলে মানিক মিয়া (২২)। তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড়ের একটি কাপড়ের দোকানে দর-কষাকষিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সজল আলী (২৭) ও মামুন অর রশিদকে (২৪) হত্যা করা হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মঙ্গলবার রাতে ভালাইপুরে কাপড়ের দোকানে দর-কষাকষিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা করা হয়। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় হত্যা মামলা করেন নিহত মামুনের বড় ভাই। এর আগে এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’