১২ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি

দীর্ঘ এক যুগ পর মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে অস্ত্রোপচার কার্যক্রম। বৃহস্পতিবার (১ জুন) সকালে হাসপাতালের অপারেশন থিয়েটারটির (ওটি) উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সিজারিয়ান অপারেশন করা হয় বৈবাহিক জীবনের ১৯ বছরের মাথায় সর্বপ্রথম মা হতে যাওয়া প্রসূতি ময়না বেগম (৩৫)। 

ময়না ছেলে সন্তানের মা হয়েছেন। এদিন আরও এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। হাসপাতালে গর্ভবতী প্রসূতিদের সিজারের দায়িত্বে রয়েছেন সার্জন ডা. সিরাজুল মুনিরা, ডা. নাইমা হাসান ও এ্যানেসথেসিয়া ডা. মেহেদী হাসান। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অস্ত্রোপচার কার্যক্রম আপতত হবে প্রতি সপ্তাহের সোমবার। 

প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে দীর্ঘকাল ধরে এ সরকারি হাসপাতালের সিজারসহ সব ধরনের অস্ত্রোপচার বন্ধ ছিলো। বর্তমানে দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনের উদ্যোগে এক যুগ পর অপারেশন থিয়েটারটি চালু হয়েছে। তাই এখন থেকে নামমাত্র সরকারি স্বল্প খরচে সিজারসহ অন্যান্য অপারেশন সেবা নিতে পারবেন রোগীরা। 

হাসপাতালটির চিকিৎসক সার্জন ডা. সিরাজুল মুনিরা বলেন, ‘দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর বৃহস্পতিবার চালু হওয়া ওটিতে প্রথম যার সিজার করেছি তিনি ১৯ বছর পর মাতৃত্বের স্বাদ নিতে পেরেছেন। এটাই আমাদের কাছে ভীষণ আনন্দের। আমাদের সামর্থ্য অনুযায়ী রোগীদের সার্বক্ষণিক সেবা দিতে সবার কাছে দোয়া চাইছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, ‘এক যুগ পরে হলেও আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু করতে পেরেছি। এটি মোংলাবাসীর জন্য আনন্দের খবর। এখন থেকে প্রতি সোমবার সিজারসহ সাধারণ অপারেশন চালু থাকবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হাসপাতালের সবাইকে। সবার সহযোগিতা পেলে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখতে পারবো।’