বিদ্যুৎস্পৃষ্টে মা ও তার কোলে থাকা শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা তাসলিমা খাতুন (২৪) ও তার কোলে থাকা ১৪ মাসের মেয়েসন্তান মাহির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৬ জুন) রাত পৌনে ৯টার দিকে নিজ বাড়িতে অটোভ্যানে চার্জার লাগাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম। তাসলিমা খাতুন হাড়াভাঙা গ্রামের ভ্যানচালক মিন্টু মিয়ার স্ত্রী। 

মিন্টু মিয়া জানান, ঘরের পাশে বিদ্যুতের লাইন থেকে অটোভ্যানে চার্জ দিয়ে যান তাসলিমা। এ সময় ১৪ মাসের সন্তান মাহি কোলে ছিল। বিদ্যুতের লাইনের সঙ্গে ভ্যানের চার্জার দিতেই বিদ্যুতায়িত হন তারা। প্রতিবেশীরা এগিয়ে দেখেন মা ও মেয়ে মৃত অবস্থায় পড়ে আছেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। এটি মর্মান্তিক ঘটনা।’