মধ্যরাতে সাতক্ষীরা পৌর ভবনে ‘রহস্যজনক’ আগুন

মধ্যরাতে সাতক্ষীরা পৌরসভা ভবনে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ জুন) রাত সাড়ে ১১টার পর যেকোনও সময় এই ঘটনা ঘটে। এতে জামশেদ নামে পৌরসভার এক কর্মচারী আহত হয়েছেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলিমর নেতৃত্বে তিন ইউনিট এসে দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। এদিকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মেয়রের দাবি, পরিকল্পিতভাবে এ আগুন দেওয়া হয়েছে।

পৌরসভা ভবনের পেছনের বাসিন্দা বিজয় সরকার বলেন, রাত ১১টা ৫৯মিনিটে সাতক্ষীরা পৌরসভার তৃতীয় তলায় ধোঁয়া দেখি। এর পরপরই ফায়ার সার্ভিস কর্মীদের কল করি। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, জার্মানের একটি সংস্থার অর্থায়নে পৌর ভবনের দক্ষিণ পাশে তৃতীয় তলার কনফারেন্স রুম তৈরি করা হয়েছে। ওই ঘর থেকে আগুনের সূত্রপাত। তবে সেখানে এমন কিছুই ছিল না যেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে বর্জ্য ব্যবস্থাপনা শাখার যাবতীয় কাগজপত্র পুড়ে গেছে। পরিকল্পিতভাবে পৌরসভার কার্যক্রম ব্যাহত করার উদ্দেশে আগুন দিয়েছে।

ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, মেয়র তাজকিন আহমেদ চিশতি নাশকতার মামলায় কারাগারে যাওয়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করে অপসারণের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। আমি প্যানেল মেয়র হওয়ায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়। গত কয়েকদিন ফেসবুকে মেয়র তাজকিনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। ধারণা করছি, সে কারণে কেউ নাশকতা করে আগুন দিতে পারে। রাতে ১২টা ১০ মিনিটে পৌর ভবনে আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। তদন্ত কমিটি করা হবে। এরপর আগুনের সূত্রপাত বলা যাবে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলিম বলেন, কীভাবে আগুনে সূত্রপাত হয়েছে তদন্ত করে বলতে পারবো।