‘মেয়র হলে হোল্ডিং ট্যাক্স ৩০ শতাংশ মওকুফ ও ট্রেড লাইসেন্স ফি অর্ধেক’

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, ‘দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত, শ্রমিকবান্ধব এবং পরিকল্পিত বসবাস উপযোগী খুলনা নগরী গড়তে হাতপাখায় ভোট দিন।’

ভোট যেমন আমানত, তেমনি সিটি মেয়রের পদ গুরুত্বপূর্ণ উল্লেখ করে এই মেয়র প্রার্থী বলেন, ‘এ কারণে জনগণের আমানত রক্ষা করে দ্বীনদার আল্লাহভীরু মানুষকে নির্বাচিত করা সবার কর্তব্য। এই আমানত রক্ষা ও কর্তব্য পালনে খুলনা সিটির এলাকার সব ভোটারকে কেন্দ্র আসার আহ্বান জানাই।’ রবিবার (১১ জুন) সকালে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। 

আব্দুল আউয়াল বলেন, ‘সিটি নির্বাচনে সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে জয়ী করা না গেলে আগামীতে ভুলের মাশুল গুনতে হবে। তাই আপনারা ভোটকেন্দ্রে আসুন। সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন করুন। আমরা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, ভোটারদের কেন্দ্র আসার পরিবেশ তৈরি করে দেবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন।’

নির্বাচনি অঙ্গিকার তুলে ধরে এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘মেয়র হলে মানবিক কারণে পায়ে চালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করবো। ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, অটোবাইক এবং জ্বালানি তেলে চালিত যানগুলোর লাইসেন্স ফি অর্ধেক করবো। এই লাইসেন্স শুধুমাত্র প্রকৃত চালকদের দেওয়া হবে। সিটির বিভিন্ন স্ট্যান্ড ও মালামাল ওঠানামার ঘাট সমূহে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করবো। হোল্ডিং ট্যাক্স ৩০ শতাংশ মওকুফ এবং ট্রেড লাইসেন্সের ফি অর্ধেক করবো।’

টেকসই ও উন্নত রাস্তাঘাট নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো জানিয়ে আব্দুল আউয়াল বলেন, ‘এখানে টেন্ডার হবে। কিন্তু টেন্ডারবাজি হবে না। ই-টেন্ডারিং চালু করবো। সিটির সামগ্রিক আয়-ব্যয়ের রিপোর্ট প্রতি বছর প্রকাশ করবো।’