সাতক্ষীরায় নামাজ পড়ে বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় আকরাম হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৫ জুলাই) দুপুর ৩টায় শহরের ইটাগাছা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম সদর উপজেলার কামালনগর এলাকার মৃত আফিল উদ্দিন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আকরাম সড়ক ও জনপথ মসজিদে নামাজ পড়ার কিছুক্ষণ পর বাসার উদ্দেশে বের হন। এসময় পেছন থেকে শ্যামনগরগামী আল আমিন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আকরাম মারা যান।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।