চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় অনুমোদনবিহীন খুলনার সুন্দরবন ক্লিনিকের মালিককে অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে ক্লিনিকটি বন্ধ করে দিয়েছে। বুধবার (১২ জুলাই) র্যাব-৬ এর অভিযানে অনিয়ম পাওয়া গেলে ক্লিনিক মালিক তুষার কান্তি মন্ডলকে (৪২) জরিমানা করে সাময়িক সময়ের জন্য ক্লিনিকটি বন্ধ করে দেয়।
র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কেএমপি খুলনার লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে অনিয়মের সঙ্গে পরিচালনা করে আসছে। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
তিনি আরও বলেন, এ সময় ক্লিনিকের মালিককে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা-২৯ মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড এবং সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক দেওয়ায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।