ঘাস কাটতে গিয়ে ছেলের লাশ পেলেন বাবা

ধানক্ষেতে ছড়িয়ে পড়া দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছেলের লাশ পেয়েছেন বাবা নায়েব আলী। তার ছেলে জাহাঙ্গীর আলম (৩২) তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। রবিবার (০৬ আগস্ট) দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামের ধানক্ষেতে ছেলের অর্ধগলিত লাশ দেখতে পান তিনি।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম রূপসপুর গ্রামের নায়েব আলীর ছেলে। কখনও রাজমিস্ত্রি, কখনও রঙমিস্ত্রি আবার কখনও কৃষিক্ষেতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন জাহাঙ্গীর। 

বাবা নায়েব আলী বলেন, ‘গত বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে জাহাঙ্গীর হায়দারনগর মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি ফেরেনি। ওই দিন রাত থেকে বিভিন্ন এলাকায় খোঁজখবর নিই। কিন্তু কোথাও সন্ধান পাইনি। রবিবার দুপুরে ধানক্ষেতের আইলে ঘাস কাটতে গিয়ে পচা দুর্গন্ধ পাই। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছেলের লাশ পাই। পরে পুলিশকে খবর দিই।’

মণিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জাহাঙ্গীর। মাস তিনেক আগে একবার স্ট্রোক করেছিলেন। জমিজমা বন্ধক দিয়ে সম্প্রতি বাড়ির ছাদ দিয়েছেন। মাঝেমধ্যে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’