বিএনপি এদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নামক দলটি কথায় কথায় বলে আইনের শাসন লঙ্ঘন করছে এই সরকার। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে বিএনপিই আইনের শাসন লঙ্ঘন করে এদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল। এখন মির্জা ফখরুল সাহেবরা মানবাধিকারের দোহাই দিয়ে কান্নাকাটি করছেন। তাদের মুখে আইনের কথা মানায় না।’

বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে মানবতার লঙ্ঘন করা হয়েছিল। আর এটা করেছিলেন জিয়াউর রহমান।’

তিনি আরও বলেন, ‘১৯৮১ সালে শেখ হাসিনা যখন দেশে এসেছিলেন, তখন তার বাবা-মায়ের বাসভবনে দোয়া-মাহফিলের জন্যও তাকে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। এতটাই নিষ্ঠুর আচরণ করেছিলেন। এখন তারই দল বিএনপি গণতন্ত্রের কথা বলে। মানবতার কথা বলে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, `তখন কোথায় ছিল এই মানবতা ও গণতন্ত্র। তাই বিএনপি নেতাদের মুখে আইনের কথা, গণতন্ত্রের কথা, মানবতার কথা মানায় না।’

কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।