যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের নাভারন টু সাতক্ষীরাগামী সড়কের একটি ধানের চাতালের সামনে পাকা রাস্তার ওপর থেকে অস্ত্রসহ মাসুদ রানা (২৭) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
যশোর ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন খবর আসে, এক যুবক সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে তার লোকজন নিয়ে উলাশী ইউনিয়নের খাজুরা নামক এলাকায় অবস্থান করছে। এ সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
তিনি আরও বলেন, তাকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে।