মেহেরপুরে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর গ্রামে যুবলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম শুকুর আলী (৪৮)। শনিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শকুর আলী বামুন্দি ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক।

শুকুর আলীর বড় ভাই আব্দুল হাদি জানান, শুক্রবার রাত ১০টার দিকে কে বা কারা তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতের কোনও এক সময় তাকে কুপিয়ে হত্যার পর লাশ বাড়ির পাশে পুকুরে ফেলে যায়। শনিবার ভোরে প্রতিবেশিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কি কারণে শুকুর আলীকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি তার স্বজনরা। পুকুর পাড় থেকে তার মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করেছে।

গাংনী থানার এসআই আবু বক্কর জানান, নিহত শুকুর আলীর মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

/বিটি/এসটি/