খুলনার সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান সভায় বলেন, ‘এ বছর দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। সবাই সচেতন না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এ রোগের জন্য দায়ী এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। খুলনা শহরে নির্মাণাধীন ভবনগুলোয় পরিষ্কার পানি জমে থাকতে দেখা যাচ্ছে। যেখানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু জ্বর উপশমে ডাবের পানির কোনও উল্লেখযোগ্য ভূমিকা নেই। জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এক সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে।’
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ‘পুলিশ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে। সাধারণ মানুষ তাদের চার পাশে ঘটা অপরাধ ও অপরাধী তথ্য পুলিশকে জানালে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে পুলিশ আরও কার্যকর অবদান রাখতে পারবে। আসন্ন দুর্গাপূজা ও সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যেকোনও ধরনের গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এলাকায় নতুন কাউকে দেখলে তার কার্মকাণ্ড ও গতিবিধির ওপর প্রতিবেশীদের নজর রাখা প্রয়োজন।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদরদফতর) সোনালী সেন বলেন, ‘মেট্রোপলিটন এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। ফলে সম্প্রতি মাদকদ্রব্য আটকের পরিমাণ বেড়েছে। সব অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন এলাকায় পুলিশের স্থায়ী চেকপোস্ট ও মোবাইল প্যাট্রোল চলমান রয়েছে। আসন্ন দুর্গাপূজার সময় অপরাধ প্রবণতা ও যানজট নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের বিশেষ পরিকল্পনা থাকবে। এ ছাড়া অনলাইন জুয়া বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।’
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘মাদক সংশ্লিষ্ট মামলার বিচার ত্বরান্বিত করতে যথাসময়ে সাক্ষ্য-প্রমাণ হাজিরে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সমাজে মাদকের বিস্তাররোধে পারিবরিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধে সব পূজামণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের ওপর জোর দিতে হবে।’
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।