বেনাপোলে আ.লীগের দুই গ্রুপের মারামারিতে আহত ৭

যশোরের শার্শায় বেনাপোল পোর্ট থানা এলাকায় আওয়ামী লীগের এমপি ও মেয়র গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রবিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের সাত জন আহত হয়েছেন।

আহতদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, এমপি গ্রুপের আলতাফ হোসেনের ছেলে ছলেমান (৩৫), আফিল উদ্দিনের ছেলে আরব আলী (৩৬) ও আজু মিয়ার ছেলে গোলাম হোসেন (৫০)। এদিকে, মেয়র গ্রুপের আকবর বিশ্বাসের ছেলে কোরবান বিশ্বাস (৩৮), শাহাজান আলীর ছেলে লিটন (২৯) ও আব্দুল কাদেরের ছেলে আব্দুল গনি (৩০)। আহত আরেকজনের নাম পাওয়া যায়নি। সবাই বালুন্ডা গ্রামের বাসিন্দা।

এলাকার লোকজন জানান, রবিবার সন্ধ্যায় স্থানীয় রিপনের শ্বশুর আলিম উদ্দিন বালুন্ডা বাজারে রিপনের চায়ের দোকানে এসে তাকে ও তার বাবা ইমান আলীকে গালিগালাজ করেন। পরে আলিম উদ্দিন বালুন্ডা বাজারে থাকা মেয়র গ্রুপের লোকজনকে খবর দেন। একপর্যায়ে ইমান আলীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

রিপনের চাচা এমপি গ্রুপের আরব আলীর সঙ্গে মেয়র গ্রুপের কোরবান আলীর দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ছিল। পূর্ব শত্রুতার জেরে তাদের নিজ নিজ সমর্থকদের বাজারে জড়ো করে। পরে লিটন, কোরবান বিশ্বাস মিলিত হয়ে এমপি গ্রুপের ছলেমানকে লাইট দিয়ে মাথায় আঘাত করে। এরপর ছলেমান লিটনকে পাল্টা আঘাত করলে আশপাশের লোকজন চলে আসে এবং দুই গ্রুপে বিভক্ত হয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, বউ ছাড়াছাড়ি নিয়ে সালিশে তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে ৬/৭ জন আহত হয়েছে। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনও পক্ষ থানায় অভিযোগ করেনি।