কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ খালাকে দেখে বাড়ি ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ স্টিয়ারিং গাড়ির ধাক্কায় মুর্শিদুল কবির শান্ত (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা মিনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শান্ত পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ মাস্টারের ছোট ছেলে। তিনি মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে শান্ত দৌলতপুর উপজেলার শ্যামনগর থেকে অসুস্থ খালাকে দেখে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একই উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা মিনা বাজার এলাকায় এলে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ স্টিয়ারিং গাড়ির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগলে শান্ত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনাকবলিত অবৈধ স্টিয়ারিং গাড়ির চালকের সহকারীকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’