খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সাতক্ষীরা থেকে যোগ দেবেন অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় সার্কিট হাউজ মাঠের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভায় যোগ দেওয়ার জন্য রবিবার (১২ নভেম্বর) সাতক্ষীরায় কর্মী সভা করেছেন দলের নেতারা। জেলার সাত উপজেলা, দুই পৌরসভা ও ৭৮ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জনসভায় যাবেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জনসভা সফল করার জন্য সাতক্ষীরা থেকে ৫০ হাজার নেতাকর্মী যাতায়াতের জন্য শতাধিক বাস, শতাধিক মিনিবাস, শতাধিক ট্রাক, শতাধিক প্রাইভেটকার-মাইক্রোবাস ও মোটরসাইকেল ঠিক করা হয়েছে। এছাড়া নিজ উদ্যোগে জনসভায় যাবেন অনেক নেতাকর্মী।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন, ‘ইতোমধ্যে সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। একসময় সাতক্ষীরা ছিল উন্নয়নবঞ্চিত জেলা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাতে ও জনসভা সফল করতে ৫০ হাজার নেতাকর্মী সাতক্ষীরা থেকে খুলনা যাচ্ছেন। ইতোমধ্যে ৫০ হাজার নেতাকর্মীর যাতায়াতের জন্য যানবাহন নিশ্চিত করা হয়েছে। নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়ে জনসমুদ্রে পরিণত করবেন বলে আশা করছি।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. কাজী এরতেজা হাসান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সাতক্ষীরার নেতাকর্মীরা উজ্জীবিত। সাধারণ মানুষ বঙ্গবন্ধুকন্যাকে বরণ করার জন্য উন্মুখ হয়ে আছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনসভায় যোগ দেবেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।’
প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে সাতক্ষীরার নেতাকর্মীরা খুলনায় যাচ্ছেন বলে উল্লেখ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এই অঞ্চলের উন্নয়নে সবসময় আন্তরিক। এই অঞ্চলের মানুষও মনে করেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নয়ন হয়। যে প্রকল্পগুলো এখনও বাস্তবায়ন হয়নি, আমরা আশা করছি প্রধানমন্ত্রী এবার সেই প্রকল্পগুলো বাস্তবায়নের ঘোষণা দেবেন।’