বেনাপোলে জাল ভ্রমণ কর সরবরাহকারী চক্রের মূলহোতা গ্রেফতার

বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে বিদেশগামী যাত্রীদের জাল ভ্রমণ করের মাধ্যমে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া চক্রের মূল হোতা শামীম চৌধুরীকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে তিনি এই জালিয়াতি করছেন। বিদেশ ভ্রমণ কর জাল করে বেনাপোল চেকপোস্ট দিয়ে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল তার নিয়ন্ত্রিত চক্রটি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে স্থানীয় বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জাল ভ্রমণ করের রশিদ ও সোনালী ব্যাংকের সিলসহ শামীম হোসেনকে আটক করা হয়। এ সময় ভারতগামী আট পাসপোর্ট যাত্রীর কাছ থেকে আটটি জাল ভ্রমণ কর রশিদ ও জব্দ করা হয়।

আটক শামীম চৌধুরী বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, জাল ভ্রমণ কর ফাঁকির সঙ্গে আরও পাঁচ জন জড়িত। তারা দীর্ঘদিন ধরে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের সিরিয়াল ছাড়া পুলিশ ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ দ্রুত করে দেওয়ার কথা বলে ভ্রমণ করের টাকা হাতিয়ে নিয়ে আসছে যাত্রীদের কাছ থেকে। আটক শামীমের বিরুদ্ধে গত বছরের ১৫ জুলাই বেনাপোল পোর্ট থানায় ট্যাক্স জালিয়াতির মামলা করা হয়। মামলায় জামিনে রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, আটক শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ভ্রমণ কর জালিয়াতি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আরেকটি ট্যাক্স জালিয়াতির মামলা চলমান রয়েছে।