দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সাতক্ষীরায় ভোটার বেড়েছে ১ লাখ ৮৫ হাজার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলায় ভোটার ছিল ১৫ লাখ ৬০ হাজার ২৫১ জন। গত ৫ বছরে ভোটার বেড়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৭৩ জন। হিজড়া জনগোষ্ঠীর ভোটার আছেন ১২ জন।

এর মধ্যে সদর-২ আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪টি আসনে ৬০২টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৭১৮টি ভোটকক্ষ থাকবে। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৫৯৭টি ও ভোটকক্ষ ছিল ৩ হাজার ৫০টি।

সাতক্ষীরা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে এবার ভোটার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন, নারী ৮ লাখ ৬৯ হাজার ২২৮ জন ও হিজড়া ১২ জন। ৪টি আসনে ৬০২টি ভোটকেন্দ্র এবং ৩ হাজার ৭১৮টি ভোটকক্ষ থাকবে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৪৩ জন।  এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৮৭জন, নারী ২ লাখ ৩৫ হাজার ৯৫৪ জন ও হিজড়া ২ জন।

সাতক্ষীরা-২ (সদর) আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৬০৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ২১৭ জন, নারী ২ লাখ ১ হাজার ৩৮৮ জন ও হিজড়া ৩ জন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ) আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ২৪৬ জন, নারী ২ লাখ ১৩ হাজার ১৩১ জন ও হিজড়া ৩ জন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ) মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ১৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৩ হাজার ৪৩৪ জন, নারী ২ লাখ ১৮ হাজার ৭৫৫ জন ও হিজড়া ৪ জন।

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪ লাখ ২৩ হাজার ৩৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১০ হাজার ৮৩৬ জন, নারী ২ লাখ ১২ হাজার ১৯৭ জন।

সাতক্ষীরা-২ (সদর) আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ৫৬ হাজার ২৬৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৭ হাজার ২৯১ জন, নারী ১ লাখ ৭৮ হাজার ৯৭৮ জন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ) আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ৮৭ হাজার ২৯০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৫ হাজার ৪৭৮ জন, নারী ১ লাখ ৯১ হাজার ৮১২ জন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ) আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৬৫৯ জন।  এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৭ হাজার ৯৩৫ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৭২৪ জন।

এদিকে এবারই প্রথম পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি হিজড়া ভোটারও শনাক্ত করা হয়েছে। তবে এ জনগোষ্ঠীর অনেকেই ভোটার তালিকায় যুক্ত হতে পারেননি বলে জানিয়েছেন হিজড়ারা।

সাতক্ষীরা কলারোয়া পৌরসভার কাউন্সিলর তৃতীয় লিঙ্গের দিথী খাতুন বলেন, ‘শুধু কলারোয়ায় শতাধিক হিজড়া রয়েছে। পুরো জেলায় হিজড়া সংখ্যা কয়েকশ তো হবেই। কিন্তু ভোটার তালিকায় মাত্র ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ, অনেকে ফরম পূরণ করার সময় হিজড়া উল্লেখ করেননি। হয়তো যারা ভাতা পান শুধু তাদের নাম এখানে অন্তর্ভুক্ত হয়েছে।’